বড়সড অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল অমরপুরের মধ্য বাজার। অমরপুর মধ্যবাজারে অবস্থিত একটি বিউটি পার্লারে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাজারের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। বাজারের ব্যবসায়ী ও দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে আগুন। যার কারনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। জানা যায় ১৫ দিনের মধ্যে এই নিয়ে ৩ বার এই পার্লারটিতে আগুন লেগেছে। কি ভাবে এই অগ্নিসংযোগ ঘটে, এই অগ্নিকাণ্ড নাশকতা মূলক কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে বাজারের ব্যবসায়িরা জানান শনিবারও কে বা কাহারা এই পার্লারটির দরজায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। বিউটি পার্লারের মালিক জানান এই নিয়ে তিনবার ওনার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এইদিকে পার্লারের মালিক যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানাচ্ছিল তখন দোকান ঘরের মালিক বারে বারে বাধা দেওয়ার চেষ্টা করেন। স্বাভাবিক ভাবেই দোকান ঘরের মালিকের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।












