মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা এলাকার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের জটিলতা কোন কিছুতেই কাটছে না। দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে এই পঞ্চায়েতে চলছে অচলাবস্থা। কোন এক অজ্ঞাত কারনে নিরব ভূমিকা পালন করছে প্রশাসন সহ শাসক দল। বিগত কিছুদিন পূর্বে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে সড়ক অবরোধ করে এলাকার জনগণ। শুক্রবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে গিয়ে মিটিং করেন বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের সাথে। পরে তিনি সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিনের বৈঠকে পঞ্চায়েত সদস্যরা যে যে বিষয় তুলে ধরেছেন, সেই সকল বিষয় তিনি জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিককে লিখিত আকারে অবগত করবেন। তারপর যা সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।













