পূর্ব ঘোষণা অনুযায়ী মহাকরণ অভিযান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের। ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা এইদিন প্রথমে আগরতলা প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখান থেকে মিছিল করে তারা মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। মিছিলটি মহাকরণের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সময় সার্কিট হাউসের সামনে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে মিছিলকে আটকে দেওয়া হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশান প্রদান করে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান রাজ্যের সকল অনিয়মিত কর্মীদের অবিলম্বে নিয়মিত করন করতে হবে। নিয়মিত করন সাপেক্ষে অনিয়মিত কর্মীদের সম কাজে সম বেতন দিতে হবে। যে সকল আংশিক কর্মী ১০ বছর ধরে কাজ করছে তাদেরকে অনিয়মিত কর্মীর স্বীকৃতি দিতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এক কালিন ১০ লক্ষ টাকা প্রদান করতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করনের স্কিম পুনঃরায় চালু করতে হবে। পাম্প অপারেটারদের মজুরির বকেয়া টাকা অবিলম্বে প্রদান করতে হবে। সরকার অনিয়মিত কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন তিনি।













