মোহনপুরে নেশার আসরে হানা দিয়ে দুই নেশা সেবনকারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় যুবকরা। মোহনপুরের জঙ্গলাকীর্ণ এলাকা গুলিকে নেশার আস্তানা হিসাবে গড়ে তুলেছে একাংশ জনজাতি যুবক। আর এই সকল যুবকরা নেশার টাকার জন্য জড়িয়ে পড়ছে চুরি ছিনতাই-র মতো ঘটনার সাথে। ফলে এলাকায় বৃদ্ধি পাচ্ছে চুরি ছিনতাইর ঘটনা। পুলিশ শত চেষ্টা করেও এই সকল ঘটনার লাগাম টানতে পারছে না। সম্প্রতি বেশকিছু দিন ধরে মোহনপুর মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার লোকজন লক্ষ্য করে মহকুমা শাসকের অফিসের সামনে থানা জঙ্গলে একাংশ জনজাতি যুবক নেশার আসর বসায়। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক মুহূর্তে এলাকার যুবকরা সেই নেশার আসরে হানা দেয়। স্থানীয় যুবকদের দেখে কয়েকজন যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় যুবকরা একটি বাইক সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। ধৃত দুই যুবক ড্রাগসের নেশার বিভোর ছিল। ঘটনাস্থল থেকে কিছু ব্রাউন সুগারের কৌটাও উদ্ধার হয়। ধৃত দুই যুবকের মধ্যে ইব্রাহিম দেবর্বমার বাড়ি হেজামারা ব্লকের বড়কাঠাল এলাকায়। অপর যুবক বিবেক দেবর্বমার বাড়ি সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে। পরবর্তী সময় স্থানীয়রা লেফুঙ্গা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।













